ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১৫:৫৩

চলে গেলেন বিসিবির সাবেক সভাপতি মুজিবুর

অনলাইন ডেস্ক
চলে গেলেন বিসিবির সাবেক সভাপতি মুজিবুর

চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি কমডোর মুজিবুর রহমান সিজার। আশির দশকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সংগঠক হওয়ার আগে একজন দক্ষ ক্রীড়াবিদও ছিলেন মুজিবুর।

জানা যায়, কানাডার টরেন্টোর একটি হাসপাতালে আজ বুধবার (২৮ জুলাই) সকালে মৃত্যুবরণ করেন মুজিবুর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। ৭ বছর ক্যান্সারের সঙ্গে লড়ে শেষপর্যন্ত আর পেরে ওঠেননি বিসিবির সাবেক এই সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মুজিবুর ১৯৮১-৮২ সালে বোর্ড সভাপতির দায়িত্ব পালন করার আগে ক্যারিয়ার শুরু করেন খেলোয়াড় হিসেবে। ১৯৫১-৫২ মৌসুমে জিমখানার হয়ে শুরু করেন পেশাদার ক্রিকেট। ৬ বছর ক্রিকেট খেলার পর ১৯৫৭ সালে যোগ দেন পাকিস্তান নৌবাহিনীতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আবার ক্রিকেটে ফেরেন, সংগঠক হিসেবে।

১৯৭৬-৭৭ বাংলাদেশ দলের ম্যানেজার হয়ে কানাডা সফর করেন মুজিবুর। ১৯৭৯ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। এরপর দায়িত্ব নেন সভাপতি হিসেবে। ক্রিকেটের বাইরে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন মুজিবুর রহমান সিজার।

উপরে