ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
আপডেট : ১৯ আগস্ট, ২০২০ ০৪:৪৯

সাহেদ বললেন ‘বুকে ব্যথা’, হাসপাতালে গিয়ে দেখা গেল কিছুই না

অনলাইন ডেস্ক
সাহেদ বললেন ‘বুকে ব্যথা’, হাসপাতালে গিয়ে দেখা গেল কিছুই না

দুদকের রিমান্ড এড়াতে অসুস্থতার ভান শুরু করেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম। বুকে ব্যথার কথা বললে হাসপাতালে নেওয়া হয় বিতর্কিত সাহেদ করিমকে। মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিন সকাল সাড়ে দশটার দিকে জিজ্ঞাসাবাদ শুরুর দিকে তিনি হঠাৎ করে বাহানা করে বলেন, তার বুকে প্রচণ্ড ব্যথা করছে। এরপর তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মিরাজ তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যান। এ সময় তার ইসিজিসহ তিনবার রক্ত পরীক্ষা করা হয়। অন্যান্য পরীক্ষা করেও চিকিৎসক তার বুকে কোনো সমস্যা পাননি। তার রক্তচাপসহ শারীরিক অন্যান্য বিষয়ও ছিল স্বাভাবিক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা বলেন, ‘ডাক্তার নানা পরীক্ষা করে তার বুকে কোনো সমস্যা পাননি। এরপরও তিনি ডাক্তারকে বলছিলেন, বুকে প্রচণ্ড ব্যথা করছে। ব্যথা না থাকার পরও তিনি যদি বলেন, ব্যথা করছে- তাহলে কিইবা করার থাকতে পারে!’

এরপর বিএসএমএমইউ থেকে সাহেদকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। জালিয়াতি করে পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়। সাত দিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। জিজ্ঞাসাবাদের পর তাকে রমনা থানা হাজতে রাখা হচ্ছে।

রিজেন্ট হাসপাতালের এমআরআই মেশিন কেনার নামে জালিয়াতি করে ঋণের নামে সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) ১ কোটি টাকা আত্মসাৎ করেন সাহেদ করিম। চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত ওই টাকা সুদ-আসলে ২ কোটি ৭১ লাখ টাকা হয়েছে। এই পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৭ জুলাই সাহেদ করিমসহ চার জনকে আসামি করে মামলা করে দুদক।

মামলার অন্য তিন আসামি হলেন, সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নীরিক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতি ও রিজেন্ট হাসপাতালের এমডি মো. ইব্রাহিম খলিল। বাবুল চিশতী বর্তমানে জেলে আছেন।

 

 

উপরে