ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আপডেট : ১০ অক্টোবর, ২০২৪ ১১:৪৮

ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই

ফরিদপুর পৌরসভায় মাস্টার রোলে নিয়োগ পাওয়া ৯৯ কর্মচারী দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, কোনো কাজ না করে প্রতি মাসে বেতন নিতেন। বিষয়টি খতিয়ে দেখে তাদের অব্যাহতি দিয়েছেন পৌর প্রশাসক চৌধুরী রোশন ইসলাম।

গত মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে এক সভায় তিনি এ সিদ্ধান্ত নেন।

এর আগে মাস্টার রোলে কর্মরত প্রত্যেক কর্মচারীর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় নিজ নিজ কাজের ক্ষেত্রে ওই ৯৯ জনকে অনুপস্থিত দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় ফরিদপুর পৌরসভা।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান জানান, ফরিদপুর পৌরসভায় মাস্টার রোলে কর্মরত মোট কর্মচারী রয়েছেন ৮৪৫ জন। এর মধ্যে ৯৯ জনকে অব্যাহতি দেওয়ার পর বর্তমানে মাস্টার রোলে কর্মরত কর্মচারীর সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। অব্যাহতি দেওয়া কর্মচারীদের মাসিক বেতন ছিল তিন হাজার থেকে ছয় হাজার টাকা।

এ বিষয়ে পৌরসভার হিসাবরক্ষক গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, ‘মাস্টার রোলে কাজ করা কর্মচারীদের কর্মক্ষেত্রে উপস্থিত না পাওয়ায় পৌর প্রশাসক এ সিদ্ধান্ত নিয়েছেন। এসব কর্মচারী কাজ না করেই বেতন নিতেন।’ 

উপরে